নানান দেশের লেখকরা যখন ঈদ করতে এক ছাদের নিচে জড়ো হন, তাদের গল্প থেকে জন্ম নেয় ‘Once Upon an Eid’! বইটা একটা সংকলন, ১৫ দেশের ১৫ জন মুসলিম লেখকের গল্প, কবিতা, কমিক মিলে বইটা প্রস্তুত আছে পাঠকদের ঈদের এক নতুন দুনিয়ায় নিতে।
বইটিতে দেখানো হয়েছে যে ঈদ মানেই শুধু বিরিয়ানি বা নতুন জামা নয়। বিভিন্ন দেশের এবং প্রেক্ষাপটের মুসলিম পরিবার কীভাবে ঈদ উদযাপন করে—তা এখানে অত্যন্ত সাবলীলভাবে উঠে এসেছে। এতে যেমন আছে ফ্যান্সি ড্রেস পার্টি, তেমনি আছে রিফিউজি ক্যাম্পে ঈদের কষ্টের মাঝেও সুখ খুঁজে পাওয়ার গল্প।
গল্পগুলো মূলত শিশুদের কেন্দ্র করে লেখা হলেও এর আবেদন সবার জন্য। বন্ধুত্বের টানাপোড়েন, একাকীত্ব, পরিবারের গুরুত্ব এবং ক্ষমার মতো মানবিক বিষয়গুলো এখানে ঈদের আবহে ফুটে উঠেছে। লেখকগণ খুব চমৎকারভাবে দেখিয়েছেন যে, প্রেক্ষাপট ভিন্ন হলেও ঈদের আনন্দ বা ‘ঈদ স্পিরিট’ সবার জন্য এক।
বইটির প্রতিটি গল্প আলাদা স্বাদের। কোনোটি হাসির, কোনোটি বেশ আবেগপ্রবণ। বিশেষ করে মাঝখানে থাকা গ্রাফিক নভেলের অংশটি বইটিতে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রতিটি গল্পের শুরুতে থাকা ইলাস্ট্রেশনগুলো পাঠ অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে।
এস. কে. আলী এবং আয়েশা সাঈদ সম্পাদিত ‘Once Upon an Eid’ বইটি শুধু মুসলিম পাঠকদের জন্য নয়, বরং যারা ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী তাদের সবার জন্যই একটি চমৎকার সংগ্রহ। এটি আমাদের শেখায় যে ঈদ মানে কেবল উৎসব নয়, ঈদ মানে প্রতিকূলতার মাঝেও ঐক্য এবং ভালোবাসার জয়গান। ছোট-বড় সবার জন্যই বইটি এক কথায় ‘মাস্ট-রিড’।