প্রতি ঈদের একটা আলাদা আমেজ বা মেজাজ থাকে সেখানে নতুনত্বও থাকে কাপড়ে কিংবা আয়োজনে! এ ব্যাপারটা ছোট থেকে দেখে আসছি। এই ঈদের শপিং করা, নতুন কাপড় কেনা, নতুন আসবাবপত্র কেনাকাটা। মানে যেটা যেটা লাগবে…।

কিন্তু যত যাই ঘটুক না কেন? আমার ঈদের ‘ঈদ সংখ্যা’ না হলে আলাদা আনন্দটাই আসতো না। প্রতি ঈদেই একটা না একটা ঈদ সংখ্যা লাগবেই লাগবে। ছোটবেলায় এতোসব বুঝতাম না। ঈদ সংখ্যায় বেশি বেশি পরিচিত লেখকদের গল্প পেতাম, বেশি বেশি কমিক্স পেতাম, আর কী চাই? মানে ছোটবেলায় চিন্তাটা এমন ছিলো ৫০ টাকার সংখ্যা যদি একসাথে এতোকিছু পাওয়া যায় তাইলে তো বইমেলার মজা এক ঈদের ঈদ সংখ্যাতেই পাওয়া যাবে!

এই ঈদ সংখ্যার জন্য কত কী করতাম। হাত খরচ তো সেভাবে পেতাম না, এদিক-ওদিক থেকে যাই পেতাম সব জমাতাম। ঈদের আগে নিতে না পারলে ঈদের সালামি দিয়েই পরে কেনা হতো প্রতি বছরের ঈদ সংখ্যা। এখনও ঈদ সংখ্যা কেনা হয়, প্রতিবারই খুঁজি প্রিয় লেখকেরা কোন কোন সংখ্যায় লেখা দিয়েছেন কিন্তু এখন তো চাইলেই ৩-৪ টা ঈদ সংখ্যা একেবারে কিনতে পারছি। কিন্তু আগের যে মজাটা ছিলো যে একটা ঈদ সংখ্যার জন্য অনেকটা সময় অপেক্ষা করা তা খুব মিস করি, সেরকম আনন্দ পাই পাওয়া যায় না।


অক্ষরের Instagram পেইজ ফলো করুন এখানে